আবনা ডেস্ক : আইএসআইএল সন্ত্রাসীরা সিরিয়ায় আরেকটি গুরুত্বপূর্ণ শহরে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে। দেশটির আসাদবিরোধী সশস্ত্র সংগঠনগুলোর একটি জোটবাহিনীর কাছে তুরস্ক-সীমান্তবর্তী আল-রাই নামক শহরটির নিয়ন্ত্রণ হারায় আইএসআইএল (দায়েশ)। এদিকে, শুক্রবার সিরিয়া সরকারের ভাষ্য অনুযায়ী, গত সপ্তাহে দামেস্কের উত্তর-পূর্বাঞ্চল থেকে যে তিন শতাধিক সিমেন্ট কারখানার শ্রমিককে আইএসআইএল অপহরণ করেছে, তাদের মধ্যে অন্তত ১৭৫ জনকে এরই মধ্যে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি। সংবাদসূত্র : ওয়াশিংটন পোস্ট, ডেইলি মেইল
বার্তা সংস্থাগুলো জানিয়েছে, সিরিয়ার উত্তরাঞ্চলীয় আল-রাই শহরটি বর্তমানে ফ্রি সিরিয়ান আর্মির সহযোগী কয়েকটি বিদ্রোহী সংগঠনের দখলে রয়েছে। আলেপ্পোর ৪০ মাইল উত্তর-পূর্বে অবস্থিত ওই শহরটি রণকৌশলগত কারণে গুরুত্বপূর্ণ। আল-রাই দখলের ফলে সন্ত্রাসীরা এখন তুরস্ক থেকে সহজেই রসদ এবং অন্যান্য প্রয়োজনীয় সরবরাহ আনতে পারবে।
এদিকে, কুর্দি সূত্রের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম 'স্পুৎনিক নিউজ' জানিয়েছে, গোপনে সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ইদলিব প্রদেশে প্রবেশ করেছে তুরস্কের বিশেষ নিরাপত্তাবাহিনীর প্রায় ১০০ কর্মী। সিরিয়ার মাটিতে সক্রিয় কুর্দিদের বিরুদ্ধে কোনো অভিযানের পরিকল্পনা নিয়ে এসব কর্মীকে পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।#